চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

ছবি: আগামীর সময়
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহীনুর বেগম সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী। ছোট ভাইকে সঙ্গে নিয়ে তিনি হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন, মাহীনুরের ভাই ইউনুছ (২৮)। অপর আহত নারীর পরিচয় জানা যায়নি। আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, অটোরিকশাটি বাকিলা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। দেবপুর এলাকায় পৌঁছে একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশার চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ওসি আরও জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




