বীরগঞ্জে জমির বিরোধে ভুট্টাগাছ কাটার অভিযোগ

সংগৃহীত ছবি
দিনাজপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ভুট্টাগাছ কেটে ফেলা, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সোহেল রানা বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ, বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর মৌজার ২৯৭৮ খতিয়ানভুক্ত ৪১২০ দাগের একটি জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন সোহেল রানা। ওই জমি নিয়ে নজরুল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১৪ মে সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই ভুট্টাক্ষেতে প্রবেশ করে ভুট্টাগাছ কেটে ফেলে। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
তিনি আরও জানালেন, ঘটনাটি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনায় সোহেল রানা বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অন্যদিকে অভিযুক্ত নজরুল ইসলাম দাবি করেন, তিনি দীর্ঘ এক বছর ধরে শেয়ার ভিত্তিতে ওই জমিতে চাষাবাদ করছেন। তার ভাষ্য, জমিটি তার মালিকানাধীন। তিনি বললেন, ‘সোহেল রানা ভুট্টাগাছ লাগিয়েছিল, সেটা আমি স্বীকার করছি। তবে আমি ৭ শতাংশ জমির ভুট্টাগাছ কেটে ফেলেছি, কারণ জমিটি আমার।’
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




