হালুয়াঘাটে সীমান্ত বাণিজ্য আরও জোরদার করা হবে: প্রিন্স

ভারতীয় কয়লা রপ্তানিকারকদের সঙ্গে বাংলাদেশি আমদানিকারকদের বৈঠকে কথা বলছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স
হালুয়াঘাটে সীমান্ত বাণিজ্যের সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা হবে।’
আজ বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় কয়লা রপ্তানিকারকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় কয়লা আমদানিকারকদের বৈঠকে এসব কথা বলেন তিনি।
হালুয়াঘাট ইমেক্স হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের আমদানিকারকদের নেতৃত্ব দেন হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি এমরান সালেহ প্রিন্স।
অন্যদিকে, ভারতীয় রপ্তানিকারকদের নেতৃত্ব দেন এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিজয় সিং দোসি।
বৈঠকে কয়লা আমদানি-রপ্তানিতে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, পণ্য পরিবহন, বাণিজ্যিক কার্যক্রমের প্রতিবন্ধকতা দূর করা এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘হালুয়াঘাট সীমান্ত বাণিজ্যের অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। কয়লা আমদানি-রপ্তানি কার্যক্রম এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ বাণিজ্যকে আরও গতিশীল করতে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আস্থা, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ, স্বচ্ছ ও গতিশীল হলে ব্যবসায়ীদের পাশাপাশি পরিবহন শ্রমিক, দিনমজুর এবং স্থানীয় জনগণও অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।’
ভারতীয় রপ্তানিকারক ও বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনার মাধ্যমে বাণিজ্যিক সমস্যার বাস্তবসম্মত সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
এ সময় হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অশোক কুমার সরকার, সহসভাপতি জয়নাল আবেদীন, চন্দন কুমার ঘোষ, খালিদ ইকবাল নিটল, স্টিফেন স্ট্যান্টন রংদি, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, রাজীব কুমার দত্ত, কামরুজ্জামান দুলাল, শামসুল আলম শামস, আসাদুজ্জামান আসিফ, এমদাদুল ইসলাম, আলিমুল ইসলাম, আব্দুল বারী ও অপু সরকার উপস্থিত ছিলেন।
ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জর্জ এস. মারাক, প্রভাস রিছিল মারাক, মনোজ কুমার সারাওয়াগি, বরুণ রিছিল মারাক, দীপক চক্রবর্তী, কুলদীপ কুমার বানসাল, শশী ভূষণ শর্মা, দেবপ্রসাদ পাল ও অচিন্ত বরাহ।



