নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপালি রানী (৩৫) একই গ্রামের বাসিন্দা এবং অরুণ সরকারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে সকালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ঘটনার তদন্ত শুরু করেন।
সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন জানান, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
তার ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





