পাশের দেশ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের সরকার দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি চায় না। কিন্তু পাশের দেশ থেকে লকডাউনের ঘোষণা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যারা বিদেশে বসে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে।
আজ বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় নিহত উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণ যাদের ভোট দিয়েছে, তারাই এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। অথচ বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আজ সরু রাস্তা ও বিভিন্ন গলি দিয়ে এসে ককটেল নিক্ষেপ করছেন। জনগণ আপনাদের সঙ্গে নেই। আমাদের ওপর দীর্ঘদিন অত্যাচার-নির্যাতন হয়েছে, পুলিশ ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে, গুলি করেছে। তারপরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি, লড়াই করেছি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে বসে দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাদের নির্দেশনায় বোমাবাজি, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো ঘটনা ঘটানো হচ্ছে।
নিহত রাজু মোল্লার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, এত মানুষ হত্যার পরও আজ রাজুকে হত্যা করা হয়েছে। রাজুর বাবার কান্না আকাশ-বাতাস ছাপিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, দিল্লিতে বসে আপনি হুকুম দিয়ে বাংলাদেশের মানুষ হত্যা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এ ধরনের হামলা চালাতে আসবে, তাদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। তিনি রাজু মোল্লা হত্যাকাণ্ডের জন্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে দায়ী করে বলেন, তাঁর নির্দেশেই এ ঘটনা ঘটেছে।
এর আগে বিকেলে রাজু মোল্লার মরদেহ ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। পরে জানাজায় বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
জানাজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভাঙ্গা ঈদগাহ মসজিদ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।



