ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন
‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছবিঃ আগামীর সময়
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ১৬ প্রার্থীর। নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারির এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। এতে নির্বাচনকে সামনে রেখে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
জানা যায়, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এ উপলক্ষে গত সোমবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন প্রার্থীরা। বুধবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ।
সেদিন ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করে তাদের কাছে চিঠি পাঠন রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারি।
রিটার্নিং অফিসারের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘ফ্যাসিস্টের সহযোগী বা দোসর হিসেবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের।’
বাতিল হওয়া প্যানেলের সভাপতি পদপ্রার্থী ছিলেন বদর উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন মো. এমদাদুল হক। মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের প্যানেলের মোট ১৬ জন প্রার্থীর।
এ বিষয়ে বদর উদ্দিন আহমেদ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটি একটি নির্দলীয় নির্বাচন। আমাদের মনোনয়নপত্র বাতিলের খবরে ক্ষুদ্ধ হয়েছেন সাধারণ আইনজীবীরা। আইনজীবী সমিতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
তিনি দাবি করেন, নির্দলীয় এ নির্বাচনে রাজনৈতিক আখ্যা দিয়ে মনোনয়নপত্র বাতিল করা সম্পূর্ণ অনিয়ম ও অসাংবিধানিক। এ ঘটনায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের মধ্যেও।
অন্যদিকে, মনোনয়নপত্র বাতিলের ঘটনা জানতে যোগযোগ করার চেষ্টা করলেও সাড়া দেননি রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট আব্দুল বারি।
এই সিদ্ধান্তকে বিতর্কিত বলে মন্তব্য করেছেন আইনজীবী মহলের একটি অংশ। তাদের দাবি, আইনজীবী সমিতির নির্বাচন পেশাগত সংগঠনের নির্বাচন। সেখানে ‘ফ্যাসিস্ট’ বা ‘সহযোগী’ রাজনৈতিক আখ্যা দিয়ে মনোনয়নপত্র বাতিলের কোনো বিধান নেই।



