শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ সদস্যসহ গ্রেপ্তার ৮

শেরপুর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
শেরপুর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে শেরপুর সদর থানা পুলিশ। তাদের মধ্যে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছে সাতজনের বিরুদ্ধে এবং মাদক বিক্রির অভিযোগ একজনের বিরুদ্ধে।
পুলিশের ভাষ্য, ১১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি ১১ সেপ্টেম্বর রাতে নিশ্চিত করে শেরপুর সদর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর পৌরসভার কসবা বারেকপাড়া এলাকার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মনকান্দা বাজিতখিলা এলাকার মৃত আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), শেরপুর পৌরসভার মীরগঞ্জ এলাকার মৃত নজরুল ইসলাম নুজুর ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্লাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া (২৬), মীরগঞ্জ এলাকার মৃত জামানের ছেলে মো. মারুফ (২২), সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)। তবে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া অষ্টম ব্যক্তির নাম জানায়নি পুলিশ।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘গ্রেপ্তারকৃতরা নানা স্থানে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে।’




