বন বিভাগের সাড়া না পেয়ে ঈগল উদ্ধার করে অবমুক্ত করলেন স্থানীয়রা

ঈগল
রংপুরে বিলবোর্ডের রডের মধ্যে আটকে পড়া একটি অসুস্থ ঈগল পাখিকে উদ্ধার করেছে স্থানীয়রা। এরপর তিন ঘণ্টা সেবার পর পাখিটিকে অবমুক্ত করেছেন কয়েকজন যুবক।
বন বিভাগকে কয়েক দফায় ফোন করেও সাড়া না পেয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা নিজেরাই পাখিটিকে উদ্ধার করেন।
রংপুরে নগরীর স্টেশন রোডের সালেক শাহাজাহান সুপার মার্কেটের ছাদে রডে আটকা পড়েছিল ঈগলটি।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আশিক নামে এক যুবক মার্কেটের ছাদে গিয়ে বিলবোর্ডের রডের মধ্যে ঈগলটি আটকে থাকতে দেখেন। বিষয়টি জানাতে তিনি কয়েক দফা ৯৯৯ হটলাইনে ফোন করেন। পরে ৯৯৯ কর্তৃপক্ষ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলে। এরপর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে পাখিটিকে স্যালাইন পানি খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। তবে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসতে পারবেন না বলে জানান। ঈগল পাখিটি ‘হিংস্র’ হওয়ায় প্রথমে কেউ সেটির কাছে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। পরে স্থানীয় কয়েকজন যুবক কয়েক ঘণ্টার চেষ্টায় ঈগলটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর প্রায় তিন ঘণ্টা পাখিটির সেবা-যত্ন করেন তারা। পরে পাখিটিকে সুস্থ করে অবমুক্ত করে দেওয়া হয়।
এ বিষয়ে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।



