পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লায় আটক ২৭৫
কুমিল্লা প্রতিনিধি

প্রতীকী ছবি
কুমিল্লা জেলা জুড়ে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৩৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এতে অংশ নেয়।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান অভিযানের বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন।



