নারায়ণগঞ্জে আবারও কুমির আতঙ্ক

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ বন্দরের পাতাকাটা লোকালয়ে আবারও কুমির দেখা গেছে। গত সোমবার সকালে হঠাৎ করে গ্রামের ভেতরে একটি পুকুরে কুমিরটিকে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে শনিবার দিনের বেলা পুকুরে কুমির দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে জানান এলাকাবাসী। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন।
আশপাশে নদী না থাকায় কীভাবে কুমিরটি গ্রামের ভেতর এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মাসখানেক আগেও তিনগাঁও এলাকার একটি কুমির দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মাজেদা বেগম জানান, রবিবার বাড়ির পাশের পুকুরে কুমির দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর জানান এলাকাবাসী। সোমবার একই পুকুরে কুমিরটিকে দেখা যায়। এরপর মঙ্গলবার কুমিরটিকে পুনরায় ভেসে থাকতে দেখেন গ্রামবাসী। মুহূর্তের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ভীতি দেখা দেয়।
দাসেরগার বাসিন্দা জলিল মিয়া জানান, পাতাকাট গ্রামের প্রায় তিন কিলোমিটার পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ এবং পাঁচ কিলোমিটার পশ্চিমে শীতলক্ষ্যা নদী। সচরাচর এসব নদ-নদীতে কুমির দেখা যায় না। চারপাশ থেকে নদীগুলোর দূরত্ব এবং লোকালয়ের মাঝখানে কুমির আসার কোনো দৃশ্যমান উৎস না থাকায়, কুমিরটি আসলে কোথা থেকে এলো— তা নিয়ে হতবাক ও উদ্বিগ্ন গ্রামবাসী।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার জানান, লোকালয়ে কুমিরটি দেখা গেছে। খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি এলাকাবাসীকে এ ব্যাপারে আতংকিত না হওয়ার অনুরোধ জানান।
এ ব্যাপারে জনগণকে সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বন্দরে সম্প্রতি বন্যা হয়নি। কুমির কীভাবে, কোথা থেকে এলো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।



