মেঘনা নদীতে অভিযান, ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
দেশব্যাপী শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
আজ শুক্রবার রায়পুরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর এবং মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীমসহ পুলিশের একটি দল।
অভিযানে নদী থেকে প্রায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় উপজেলার পান্থশালা খেয়াঘাট এলাকায় জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ধ্বংস করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য দপ্তর।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত এই সংরক্ষণ কর্মসূচি ৮ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।




