সিলিং ফ্যানে ঝুলছিল মা ও মেয়ের মরদেহ

প্রতীকী ছবি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি গ্রামে একই ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সবিতা রানী (৩৩) ও তার মেয়ে পল্লবী রানী (১৫)। সবিতা রানীর স্বামীর নাম রিপেন চন্দ্র রায়।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির একটি কক্ষে কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মা ও মেয়েকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে নিচে নামিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ওসি ওয়াদুদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করে।
ওসি ওয়াদুদ আলী বললেন, প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মাটিতে নামিয়ে রাখেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।




