গাজীপুর
জ্বালানি তেল কারখানায় আগুন, ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে পূবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রীনটেক’ কারখানায় আগুন— সংগৃহীত
গাজীপুরে জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রীনটেক’ নামের প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বললেন, ‘প্রতিষ্ঠানটি অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করা হতো এবং পরে তা বাজারজাত করা হতো।’
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের ফলে কারখানার বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
পাশের প্রতিষ্ঠান অ্যাকটিভ ডিস্ট্রিবিউশন লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রায়হান আহমেদ নমরুজ্জামান জানান, দুপুর ২টার দিকে তারা আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া দেখতে পান। পরে তাদের প্রতিষ্ঠান এবং পাশের বঙ্গ বিল্ডার্সের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পানি সরবরাহ করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটি ‘রিফাইন অয়েল কোম্পানি’ হিসেবে পরিচিত ছিল।
স্থানীয়রা জানান, ২০১৬ সালেও একই প্রতিষ্ঠানে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন স্কুল শিক্ষকসহ কয়েকজন হতাহত হন। এরপরও প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ রয়েছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ ও অবৈধ এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





