ভালুকায় পার্কিং করা বাসে আগুন

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঘটেছে এ ঘটনা।
ভালুকা ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এ সময় বাসটিতে এক কর্মী ঘুমিয়ে থাকলেও কেউ হতাহত হননি।
‘মীর এক্সপ্রেস’ নামের বাসটির মালিক মো. শফিকুল ইসলাম জানালেন, রাত সাড়ে ১২টার দিকে বাসটি স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় রাখেন। রাত ৩টার পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
তিনি আরও জানালেন, ১৮ লাখ টাকায় বাসটি কেনার পর আরও ৩ লাখ টাকার যন্ত্রাংশ লাগিয়েছেন। পুরো টাকাই এনজিও থেকে ঋণ নেওয়া। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
বাসে ঘুমিয়ে থাকা কর্মী রাব্বি হাসান জানালেন, পাম্পে বাস রাখার অনুমতি না পেয়ে রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের পাশে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় বাসটি পার্কিং করেন। রাত ৩টার দিকে তিনি বাসের ভেতরে একা ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে গ্লাস ভাঙার শব্দে ঘুম ভেঙে দেখেন, বাসের পেছনের অংশে আগুন জ্বলছে। দ্রুত বাস থেকে নেমে পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতিকুর রহমান বললেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সিট ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিনের তেমন কোনো ক্ষতি হয়নি।



