নজর কাড়ছে অচেনা ফল

রংপুরে তিনদিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার শুরু হওয়া ওই ফল মেলার উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে আয়োজনকারী কর্তৃপক্ষের প্রশংসা করেন।
মেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), নাশিক প্লান্ট অ্যান্ড পট, হর্টিকালচার সেন্টার বুড়িরহাট, ইস্পাহানি এগ্রো, কৃষিবাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল প্রদর্শন করে। যাতে উন্নত জাতের ফল, চারা, কৃষি প্রযুক্তি ও আধুনিক কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। মোট সাতটি স্টলে প্রদর্শনকৃত ফলের মধ্যে স্থানীয় কৃষকদের চাষকতৃ রাম্বুটান, তৈকর, লংগান, আলুবোখারা, জামান ফল সবার নজর কাড়ে। শনিবার পর্যন্ত চলবে ওই ফল মেলা।
পরে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক। সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠারে রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাজহারুল ইসলাম, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দুলাল হোসেন ও অংশগ্রহণকারী কৃষক সাব্বির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রশিদা ইয়াছমিন।
জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন, উত্তম কৃষিচর্চার জন্যই পার্টনার কংগ্রেস এর আয়োজন করা হয়েছে। গ্রামের সাধারণ কৃষক আর এখানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। যারা পপ্রশক্ষণ নিয়েছেন তারা অর্জিত জ্ঞান সাধারণ কৃষকদের মধ্যে ছড়িয়ে দেবেন। কৃষকদের বোঝাতে হবে জমিতে অতিরিক্ত কীটনাশক, সার ও হরমোন প্রয়োগ ক্ষতিকর। এতে উৎপাদিত ফসল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপুর্ণ হয় এবং মাটির গুণাগুণও ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ জানান, কৃষিতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, ফলচাষ সম্প্রসারণ এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলের ব্যবহার বৃদ্ধির লক্ষে আয়োজিত মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল, উন্নতমানের ফলদ গাছের চারা ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। ফল মেলায় সাতটি এবং পার্টনার কংগ্রেস এ পাঁচটি স্টল দেওয়া হয়েছে।





