তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

সাইদুর রহমান মুন্সী। ছবি: আগামীর সময়
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাইদুর রহমান মুন্সী (৪৫) নামের এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম।
দণ্ড পাওয়া সাইদুর উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রীর ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, শিশুটির বাবা গত ২০ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে ধান কাটার কাজে যান। গত ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক সাইদুর শিশুটিকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে তাকে বাড়ির দক্ষিণমুখী টিনের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ঘরের দরজায় শব্দ হলে তিনি এক কোণে সরে যান। সুযোগ পেয়ে শিশুটি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে যায়।
এজাহারে বলা হয়েছে, পরদিন ২৭ এপ্রিল শিশুটির মা মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানিয়েছেন। পরে তিনি পরিচিত ব্যক্তি ও স্থানীয় সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানতে পারেন। তবে কর্মস্থল থেকে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় তাৎক্ষণিকভাবে ফিরতে পারেননি তিনি। পরে ৩০ এপ্রিল বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বললেন, ‘ধর্ষণচেষ্টার এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সাইদুরকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন।’




