ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টিতে আমন ধান ও সবজি নিয়ে শঙ্কা
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি। ছবি: আগামীর সময়
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া আকস্মিক শিলাবৃষ্টিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। বিশেষ করে মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও হরিপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়। এতে মাঠে থাকা আমন ধান, বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। একই সঙ্গে শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কাও রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ করছেন কৃষি উপসহকারী কর্মকর্তারা।
তিনি আরও জানলেন, অধিকাংশ আমন ধান ইতিমধ্যে মাঠ থেকে ঘরে তোলা হয়েছে। কিছু সবজির ক্ষতি হতে পারে, তবে তা বেশি হওয়ার আশঙ্কা নেই।




