মির্জা ফখরুল
স্থায়ী কমিটির বৈঠকেই রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত

শনিবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল - আগামীর সময়
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলা আলোচনা-জল্পনার মধ্যে এ বিষয়ে মুখ খুলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতির নাম দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
শনিবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বললেন, বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের নীতিমালা যুগোপযোগী করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য আরও বেশি সুযোগ নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।
তার মতে, সংবিধান দেশের প্রতিটি নাগরিক ও পেশাজীবীর মর্যাদা ও সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করেছে। সেই অধিকার বাস্তবায়নে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পাশাপাশি সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে শিক্ষা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. রফিকুল মোহাম্মদ, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জি এম সিরাজ, মোশারফ হোসেন ও সুরাইয়া জেরিন রনি বক্তব্য দেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। তিনি বললেন, বৈশ্বিক সংঘাত, মূল্যস্ফীতি, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ নানা সংকটে উন্নয়নশীল দেশের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক ভিত্তিকেও দুর্বল করেছে বলে তিনি মন্তব্য করেন।




