কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে খুলনায় শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: আগামীর সময়
কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।
একই দাবিতে দৌলতপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনেও রাস্তা আটকে বিক্ষোভ করেছেন পাটশ্রমিকরা।
দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিংওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে চলছে এ কর্মসূচি। শ্রমিকদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের স্ত্রী-সন্তানরাও।
এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় চলে বিক্ষোভ। বের হয় বিক্ষোভ মিছিলও। পরে শ্রমিকরা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনের সড়কে গাছ ফেলে অবস্থান নেন। তাদের একটি অংশ ভবনের বাইরে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করে। পুলিশ ও শ্রমিক নেতারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেছেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত পড়েছে মারাত্মক সংকটে। গত ৯ মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
দ্রুত কাঁচা পাট রপ্তানি চালুর পাশাপাশি মালিকদের কাছে বকেয়া বেতন পরিশোধের দাবি জানালেন শ্রমিকরা। দাবি মানা না হলে বড় আন্দোলনের ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিজেএ ভবনে গতকাল সংবাদ সম্মেলনে কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানালেন সংগঠনের নেতারাও। বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেছেন, দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন এবং দেশের ঐতিহ্যবাহী পাট শিল্প পড়বে ধ্বংসের মুখে।




