ডিম বিক্রির আড়ালে করতেন ফেনসিডিলের ব্যবসা

বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসার অভিযোগে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে ৩১২ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
রোববার নগরীর সাগরদি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সিদ্দিকুর রহমান জুয়েল, বিশ্বজিৎ কুমার দাস, জাহিদুল ইসলাম ও লাল্টু মিয়া।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ কামরুজ্জামান, র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিম বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে সাগরদি এলাকায় অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার সিদ্দিকুর রহমান জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির চৌকির নিচ থেকে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







