কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

ছবি: আগামীর সময়
কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে এ ফায়ারিং পরিদর্শন করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্টদের পেশাগত দক্ষতা আরও বাড়ানোর নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা ধরে রাখতে সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
একই দিনে রামু সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন সংকট নিরসনে নির্মিত ১০ তলাবিশিষ্ট আধুনিক আবাসিক ভবন ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে নির্মিত ভবনটিতে সেনাসদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের আবাসন সুবিধা বাড়ানো এবং আবাসন স্বল্পতা নিরসনের লক্ষ্যেই ভবনটি নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সেনাসদস্যদের কল্যাণ ও আবাসন সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জেসিও ও অন্যান্য পদবির সদস্যদের আবাসন সংকট কিছুটা হলেও কমাতে ‘সেনানীড়-৩’ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই দিনে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন ও সেনাসদস্যদের আবাসন সুবিধা সম্প্রসারণের এ উদ্যোগ সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।





