শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি
নওগাঁর মান্দায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের কয়েকজন ফুটবল খেলার প্রচারের জন্য ব্যবহৃত মাইকে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন বলে প্রচার চালান। এ ঘটনায় ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি পুলিশের নজরে আসার পর জেলা পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য শহিদুল ইসলাম শহীদ, কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং মাইকিংয়ের সময় অটোরিকশায় থাকা তারেক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, জানান তিনি।
ওসি আরও বলেন, মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




