বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ছবি: আগামীর সময়
উৎসবের আনন্দ ছুঁয়ে গেছে উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা জেলা ঠাকুরগাঁওকেও। আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার সকালে চেনা পথ ধরে মুসল্লিদের ঢল নেমেছিল ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আর এই চেনা মাঠেই সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নামাজ শেষে চিরন্তন সৌহার্দ্যের প্রতীক হিসেবে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীর উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন এই প্রবীণ নেতা। এবারের ঈদের উৎসব থেকে সবাইকে ঐক্য, ত্যাগ ও সাম্যের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, 'আজকের এই পবিত্র দিনে ঠাকুরগাঁওবাসীসহ পুরো দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া— আসুন, আমরা সবাই সব ধরনের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই এবং আল্লাহতালার নির্দেশে সামনের দিকে এগিয়ে যাই।'
'যেকোনো ত্যাগ স্বীকার করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে যারা আজ দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার হয়ে আছেন, তাদের সেই কষ্ট দূর করে আমরা একটি সাম্যের বাংলাদেশ নির্মাণ করি'— যোগ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের এই প্রধান ঈদ জামাতটি পরিণত হয়েছিল সর্বস্তরের মানুষের এক মিলনমেলায়। এখানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সব মিলিয়ে এক শান্তিপূর্ণ ও সম্প্রীতির আবহে সম্পন্ন হয় ঈদের এই প্রধান জামাত।






