দাউদকান্দি
গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩ জন

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন ফারহানা (৩৪) এবং তার দুই ছেলে ওয়ালিদ (১৪) ও খালিদ (৮)। তাদের মধ্যে ওয়ালিদের শরীরের ১০ শতাংশ, ফারহানার ৫ শতাংশ এবং খালিদের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, বুধবার রাত ৩টার দিকে তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ ফারহানার স্বামী মো. আলমগীরের ভাষ্য, তাদের ঘরের ভেতর দিয়ে তিতাস গ্যাসের একটি পাইপ অন্য একটি ঘরে নেওয়া হয়েছিল। পাইপের লিকেজ থেকে মাঝে মধ্যেই গ্যাস বের হতো।
আলমগীর জানান, বুধবার রাত ৮টার দিকে হঠাৎ ঘরের ভেতর বিকট গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় তার ছেলে মশা মারার জন্য ইলেকট্রিক র্যাকেট ব্যবহার করলে র্যাকেটের স্পার্ক থেকে মুহূর্তের মধ্যে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা তার স্ত্রী ও দুই ছেলে দগ্ধ হয়।
তিনি আরও জানান, আগুন লাগার পর পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৩টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।




