রংপুরে আওয়ামী লীগ নেতার বড় ভাইকে কুপিয়ে হত্যা

নিহতের বাড়িতে পুলিশ সদস্যরা। ছবি: আগামীর সময়
রংপুরের কাউনিয়ায় ফকরুল আলম রতন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল চারটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণলস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতা নয়নের বড় ভাই।
স্থানীয়রা জানালেন, সোমবার বিকালে রতনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাউনিয়া থানার ওসি বাদল চন্দ্র মণ্ডল বললেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



