নিখোঁজের ৫ দিন পর চর থেকে উদ্ধার শিশুর অর্ধগলিত মরদেহ

মো. তারেক
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের পাঁচ দিন পর মো. তারেক (১২) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলুয়ারচর এলাকার একটি চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তারেক বেলুয়ারচর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জিয়াউর রহমানের ছেলে। সে বেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তারেকের মামা দেলোয়ার হোসেন জানালেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হয় তারেক। রাত হলেও বাড়িতে না ফেরায় স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রায়পুরা থানায় জিডি করেন পরিবারের সদস্যরা।
পাঁচ দিন পর সোমবার দুপুরে বেলুয়ারচর এলাকায় তারেকের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান বললেন, দুপুরে স্থানীয় লোকজন বেলুয়ারচর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় তদন্ত চলছে।



