কুমিল্লা
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নারী, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

ছবি: আগামীর সময়
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারুল আক্তার (৪২) নামের এক নারীর মৃত্যুতে উঠেছে ভুল চিকিৎসার অভিযোগ।
ঘটনা আজ বৃহস্পতিবার দুপুরের। নিহত পারুল উপজেলার নাগেরচর গ্রামের মুকতুল হোসেনের স্ত্রী।
স্বজনদের অভিযোগ, বুকে ব্যথা অনুভব করলে পারুল আক্তারকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রক্ত পরীক্ষা ও ইসিজি করার পরামর্শ দেন। বাইরে থেকে প্রায় দেড় হাজার টাকা খরচ করে পরীক্ষা করানোর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারুলের স্বামী মুকতুল হোসেন দাবি করেন, তিন তলায় নেওয়ার পর এক নার্স তার স্ত্রীকে একটি ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
তার ভাষ্য, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাদের না জানিয়ে পুলিশকে খবর দেয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান জানালেন, রোগীকে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তিন তলায় নেওয়ার পর তিনি বেশি ব্যথা অনুভব করলে নার্স একটি ব্যথানাশক ইনজেকশন দেন। এর পরই তার মৃত্যু হয়।
তিনি আরও উল্লেখ করেন, প্রথমে স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুললেও পরে তারা কোনো অভিযোগ না করেই মরদেহ নিয়ে বাড়ি চলে যান।
তিতাস থানার ওসি মমিরুল হক জানান, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে তিনি নিজে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তারা কোনো অভিযোগ করবেন না জানিয়ে মরদেহ নিয়ে যান।






