গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি: আগামীর সময়
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে বাঁধা গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে টিটুল খান (৫০) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শালনগর গ্রামের একটি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত টিটুল খান ওই গ্রামের মতি খানের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু লালন-পালন করতেন।
পারিবারিক সূত্র বলছে, ঘাস খাওয়ানোর জন্য দুপুরের দিকে টিটুল খানের গরুগুলো বাড়ির পাশের একটি মাঠে বেঁধে রাখা হয়েছিল। বিকাল গড়াতেই সেগুলোকে পানি পান করানোর উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে মাঠে যান। ওই সময় হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হলে তিনি মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তী সময়ে বৃষ্টি ও বজ্রপাতের প্রকোপ কমলে আশপাশের স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।




