তিন দিন ধরে শূন্যরেখায় নারী, দায়িত্ব নিচ্ছে না বিজিবি-বিএসএফ

শূন্যরেখায় অবস্থান করা নারী
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা তিন দিন ধরে অবস্থান করছেন এক নারী। তাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলছে টানাপড়েন। ফলে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ওই নারী। তার দায়িত্ব নিতে চাইছে না বিজিবি ও বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সী এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখায় অবস্থান নেন।
এরপর থেকে টানা তিন দিন ধরে তীব্র রোদ উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনি। বিষয়টির কোনো সমাধান না হওয়ায় তার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।



