রংপুরে চার খুন : সিদ্ধার্থ ও মুগ্ধকে দুই দফায় জিজ্ঞাসাবাদ

সংগৃহীত ছবি
রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে শেষ দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুধবার বেলা ১১টা ১০ মিনিট থেকে প্রায় ৩ ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে বেলা দুইটার দিকে কারাগার থেকে বেরিয়ে মোটরসাইকেলে চলে যান তদন্ত কর্মকর্তা। এ সময় সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।
এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম দফায় ওই দু’জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত সোমবার রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছিল। আদালত তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন প্রতিদিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) তোফায়েল আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, আলোচিত চার খুন নিয়ে মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। হত্যকাণ্ডের রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে এসেছে পুলিশ।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।






