গাইবান্ধা অংশে যানবাহনের তীব্র চাপ
ঢাকা-রংপুর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

ছবি: আগামীর সময়
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকারি ছুটির প্রথম দিনেই ঢাকা-রংপুর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল। বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়ের সঙ্গে সঙ্গে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের গাইবান্ধা অংশজুড়ে উল্লেখযোগ্যহারে বেড়েছে যানবাহনের চাপ।
আজ সোমবার দুপুর থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি দূরপাল্লার বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেল চলাচল করছে। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোয় ভোর থেকেই ঘরমুখো মানুষের ভিড়।
স্থানীয় পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম মহাসড়কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলছিলেন, জেলার চাপড়ীগঞ্জ থেকে ধাপেরহাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত গাড়ির কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কিছুটা বেশি সময় লাগছে।
তিনি জানান, মহাসড়কের ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, কাটাখালী বালুয়া, কোমরপুর, পলাশবাড়ী ও ধাপেরহাট এলাকায় দূরপাল্লার বাসগুলো অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামা করছে। সড়কের পাশে যত্রতত্র বাস থামানোর কারণে বিঘ্ন হচ্ছে স্বাভাবিক চলাচল। অনেক চালক নির্ধারিত স্টপেজের বাইরে লোক তোলায় এসব এলাকায় সাময়িক ধীরগতি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি কাটাখালী বালুয়া হাটে বসা অস্থায়ী পশুর হাট কেন্দ্র করে বেড়েছে গরুবাহী ট্রাকের সংখ্যা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঈদ কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম চালাচ্ছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি রোভার স্কাউটের সদস্যরাও কাজ করছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলছিলেন, মহাসড়কের বিভিন্ন মোড়ে যাতে কৃত্রিম যানজট সৃষ্টি না হয় এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য সতর্ক রয়েছে জেলা ও থানা পুলিশ সদস্যরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেন ওসি।






