রাতের আঁধারে কাটা হলো ২০০ বছরের গাছ, জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে

ছবি: আগামীর সময়
দিনের আলোয় নয়, গভীর রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় দুইশ বছরের পুরোনো কাঁঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ। এরপর সেই জমিতে নির্মাণ করা হলো সীমানা বেড়া। পূর্বপুরুষের হাতে লাগানো গাছ হারানোর পাশাপাশি নিজেদের জমিও দখল হয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলে এখন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া গ্রামের চার বোন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাবুব খান, সোহেল খান ও সোমা আক্তারের বিরুদ্ধে রাতের আঁধারে লোকজন নিয়ে জমিতে প্রবেশ করে গাছ কেটে জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন মৃত দবির উদ্দিন সরদারের মেয়ে রুজিয়া আক্তার খুকু। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বুধবার (৭ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনও করেছেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৪ অক্টোবর রাত দেড়টার দিকে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে তাদের প্রায় ২৫ শতাংশ জমিতে প্রবেশ করা হয়। রাতের আঁধারে সেখানে থাকা কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়। কাটা গাছের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। শুধু গাছ কাটার মধ্যেই ঘটনা থেমে থাকেনি। অভিযোগ রয়েছে, পরে ওই জমিতে তারের বেড়া ও সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করা হয়। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানো এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে।পরদিন সকালে বিষয়টি জানিয়ে শিবচর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ তদন্ত করা হোক। একই সঙ্গে তারা নিজেদের সম্পত্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বেশ কয়েকজন জানান, আওয়ামী লীগের এমপি লিটন চৌধুরীর এখনতো কর্মী ছিল তারা। সেই সময় তাদের অত্যাচারী এলাকায় কেউ থাকতে পারতো না এখনো সে ক্ষমতা অপব্যবহার করছিস তারা।
ভুক্তভোগী রুজিয়া আক্তার খুকু বলেন, “দেশে কি আইন-আদালত নেই যে রাতের আঁধারে আমাদের পূর্বপুরুষদের লাগানো গাছ এভাবে কেটে জমি দখল করা হবে? সব ধরনের কাগজপত্র থাকার পরও সন্ত্রাসী কায়দায় আমাদের জমি দখল করা হয়েছে। থানায় জানানোর পরও কোনো প্রতিকার পাইনি। আমরা ন্যায়বিচার চাই।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পরিবারটি ওই সম্পত্তি ভোগদখল করে আসছে। হঠাৎ করে রাতের আঁধারে গাছ কেটে জমির দখল নেওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
দবির উদ্দিন সরদারের আরেক মেয়ে রুবিয়া খানম রাইতি বলেন, “দীর্ঘ বছর ধরে আমার বাবার সম্পত্তি আমরা চার বোন ভোগদখল করে আসছি। এলাকার সব মানুষ জানে এই সম্পত্তি আমাদের। তারপরও জোর করে জমি দখল করা হচ্ছে। আমাদের গাছ কেটে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই।”
ঘটনার পর সাহাপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু রাতের আঁধারে গাছ কেটে জমির দখল নেওয়ার অভিযোগ গুরুতর। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযোগের বিষয়ে মাহাবুব খান ও সোহেল খানের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিবারের স্বজনদের কেউ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “কোনো জায়গায় আদালতের নিষেধাজ্ঞা থাকলে কেউ তা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জায়গা-জমি নিয়ে স্থানীয়ভাবেও বিরোধ মীমাংসা করা হয়। বিষয়টি সে রকম কোনো বিরোধ কি না, তা খতিয়ে দেখা হবে।”



