শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালে ‘জয় বাংলা’

শেরপুরে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের বাসভবনসহ বিভিন্ন দেয়ালে জয় বাংলা স্লোগান লেখা। ছবি: আগামীর সময়
বগুড়ার শেরপুরে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের বাসভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, চক্ষু হাসপাতালের সাইনবোর্ড এবং মহাসড়কের সড়ক বিভাজকসহ বিভিন্ন স্থানে লাল ও কালো রঙে জয় বাংলা স্লোগান লেখা হয়েছে। উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দেয়ালেও এ স্লোগান দেখা গেছে। তবে কারা, কখন এবং কী উদ্দেশ্যে এসব স্লোগান লিখেছে, তা জানা যায়নি।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব স্লোগান লেখা দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটকের দেয়াল এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। এ ছাড়া গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়াল, জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ড এবং নয়া পাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটেও একই স্লোগান দেখা গেছে।
একইভাবে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান ফটক এবং মজিবুর রহমান বালিকা স্কুলের প্রধান ফটকের সামনেও স্লোগানটি লেখা হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকার সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন দেয়ালেও এসব স্লোগান দেখা যায়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি তারা জানতে পেরেছেন। কারা এসব স্লোগান লিখেছে, তা জানতে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে। থানা-পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




