গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল আ.লীগের কর্মীরা

যুবলীগ নেতাকে ছিনিয়ে নিচ্ছে আওয়ামী লীগের কর্মীরা— সংগৃহীত
পাবনায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে বেড়া মডেল থানাসংলগ্ন কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক।
পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে থানায় নিয়ে আসার পথে তার সমর্থক ও অনুসারীরা পুলিশকে ঘিরে ধরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তারা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেছেন, ‘সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে স্থানীয় কিছু লোক ও তার সমর্থকরা হট্টগোল সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেয়।’
ওসি জানান, ছিনিয়ে নেওয়া সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়া এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।





