মুন্সিগঞ্জ
ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক ও তার বাবার ওপর হামলা

গ্রাফিকস: আগামীর সময়
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক শিশির হাসান (৩০) ও তার বাবা আনোয়ার হোসেনের ওপর হয়েছে হামলা। রবিবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় ঘটে এ ঘটনা। হামলায় দুজনই আহত হয়েছেন।
শিশির হাসানের অভিযোগ, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা শুভ বাগজার পরিকল্পনায় চালানো হয়েছে এ হামলা। টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন আহত দুজন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে শিশির হাসানদের সঙ্গে বেতকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুভ বাগজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে পুলিশ গ্রেপ্তার করেছিল শুভ বাগজাকে। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।
রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে শিশির হাসান ও তার বাবা বাড়ি ফিরছিলেন। এ সময় একদল লোক তাদের ওপর হামলা চালায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
শিশির হাসান বলেন, ‘আওয়ামী লীগের সবুজ, জুয়েল, আজিজ বাগজা, রিফাত ও রেদোয়ান হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালান। তারা আমার বাবা ও আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আমরা প্রতিরোধের চেষ্টা করি। মূলত শুভ বাগজার পরিকল্পনায় এ হামলা করা হয়েছে। আমি থানায় অভিযোগ করছি।’
এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শুভ বাগজা কিংবা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
টঙ্গিবাড়ী থানার ওসি মো. শামীম আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি। অভিযোগ অনুযায়ী নেওয়া হবে আইনি ব্যবস্থা।’






