রায়পুরায় বাসে তল্লাশি, ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী আটক

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
ওসি আরও জানান, এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা কার্তুজগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্বপ্না আক্তারকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়েছে।



