কুয়াকাটায় সৈকতে ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন গঙ্গামতি সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফরেস্ট রিজার্ভ-সংলগ্ন সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা টি-শার্ট। টি-শার্টে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনটির লোগো রয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন সৈকতে গোসল করতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি নৌ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো ব্যক্তি বা ট্রলারডুবির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গঙ্গামতি সৈকত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




