ছাত্রদল সভাপতি
শাকিল হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে একটি মহল

ছবি: আগামীর সময়
ছাত্রদলের নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে একটি মহল। একই সঙ্গে তারা হত্যার প্রকৃত বিচার চায় না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, একটি পক্ষ এ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ে শাকিল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে রাসেল পুরোপুরি জড়িত। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে তার নাম জানতে পেরেছি। তদন্তের মাধ্যমে তাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, একটি পক্ষ সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করছে। তারা শাকিল ইসলাম হত্যার সুষ্ঠু বিচার চায় না। এ কারণেই তারা এ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি শুরু করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রেখে ছাত্রদল কর্মসূচি পালন করে আসছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তের মাধ্যমে গ্রেপ্তারের জন্য বারবার বলা হয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের কাছে সময় নিয়েছিলেন, কিন্তু সফল হননি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন, নিহত শাকিলের বাবা রবিউল করিমসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



