তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রির ঘরে

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ছবি : আগামীর সময়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েক দিনের ব্যবধানে জেঁকে বসতে শুরু করেছে শীত। সন্ধ্যার পর থেকে বাড়ছে ঠান্ডার অনুভূতি। রাত পেরিয়ে ভোরে তা আরও তীব্র হচ্ছে। এর মধ্যে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
এর আগের দিন গতকাল বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রভাব তুলনামূলক বেশি। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে সকাল ও রাতের ঠান্ডা বাড়ছে। চারপাশ ঢেকে থাকছে কুয়াশার চাদরে। তবে বৃহস্পতিবার সকালে সূর্যের দেখা মেলায় দিনের শুরুতে কিছুটা স্বস্তি ফিরেছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে ভোরেই তাদের কাজে বের হতে হচ্ছে। ঠান্ডা উপেক্ষা করে ছুটতে হচ্ছে কর্মস্থলে। গ্রামীণ জনপদে অনেককে গরম কাপড় জড়িয়ে চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন স্থানীয়রা।
রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় সড়ক-মহাসড়কে যান চলাচলেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। বিশেষ করে ভোরে বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতার ঝুঁকিও বাড়ছে। সর্দি, কাশি ও জ্বরসহ নানা শীতজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে তেঁতুলিয়ায় তাপমাত্রা আবারও ১২ ডিগ্রির ঘরে নেমেছে।
তিনি বলেছেন, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।



