মাটির নিচে ১ লাখ ইয়াবা, আটক ১

সংগৃহীত ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ির উঠানের পাশে মাটির নিচে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, জালিয়াছড়ি এলাকার জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুত থাকার তথ্য পায় র্যাব। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির উঠানের পাশে মাটির নিচে বিশেষভাবে বস্তাবন্দি অবস্থায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক জাহাঙ্গীর আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকার আলী আহমদ ও গুলবাহার দম্পতির ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে কৌশলে ইয়াবা সংগ্রহ করে বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করার কথা স্বীকার করেছেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক।







