মাদারীপুর
পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ, আতঙ্ক

গ্রাফিকস: আগামীর সময়
মাদারীপুর সদরের পেয়ারপুরে একটি পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত আনুমানিক তিনটার দিকে পেয়ারপুর গ্রামে ঘটে এই ঘটনা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পেয়ারপুর গ্রামের বাসিন্দা রাজ্জাক মোল্লা ও জাকির মোল্লার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, এই বিরোধের জেরে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত ঘরের সামনে রাতে কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তা তারা জানেন না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রাজ্জাক মোল্লা অভিযোগ করে বলেন, তাকে ফাঁসাতে জাকির মোল্লার লোকজন তার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিরোধের জেরেই তারা এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও বিচার চাই।’
তবে রাজ্জাক মোল্লার অভিযোগ অস্বীকার করেছেন জাকির মোল্লা। তিনি বলেন, ‘রাতের আঁধারে কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, আমরা তা জানি না। আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে, সেটাও বুঝতে পারছি না। আমাদের ফাঁসাতেও এমন ঘটনা ঘটানো হতে পারে। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই।’
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বোমা বিস্ফোরণের বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ওসি আরও বলেন, পরিত্যক্ত ঘরের সামনে কীভাবে বোমাটি এলো এবং কারা সেখানে সেটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।






