শরীরে স্কচটেপে পেঁচানো ইয়াবার বান্ডিলসহ গ্রেপ্তার ৩ নারী

কক্সবাজারে দুটি অভিযানে সংঘবদ্ধ মাদক চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা।
গ্রেপ্তার নারীরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের হাইটুপি (বুথপাড়া) এলাকায় চেকপোস্ট বসানো হয়। সন্দেহের জেরে একটি ইজিবাইক থামিয়ে চালানো হয় তল্লাশি। তাতে থাকা লাইলি ও গুল বাহারের কাছে পাওয়া যায় ইয়াবার ৩৯টি বান্ডিল। তাদের শরীরে কালো পলিথিনে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা ছিল বান্ডিলগুলো। পরে তাদের দেওয়া তথ্যে রামু চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হাজেরাকে। তার শরীর থেকে একইভাবে পেঁচিয়ে রাখা ২২ বান্ডিল ইয়াবা জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা ফারুক বলেছেন, ‘তারা একটি সুসংগঠিত নারী মাদক পাচার চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন তিনজনই।’
ফারুক জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।




