রাঙামাটি
চরকায় সুতা কেটে কঠিন চীবর দানোৎসবের আনুষ্ঠানিকতা শুরু

ছবি: আগামীর সময়
বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো পূণ্যার্থীর অংশগ্রহণে বেইনঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
আজ বৃহস্পতিবার বিকেলে চরকায় সুতা কেটে দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বেইন ঘরের উদ্বোধন করেন। পরে চাকমা রাজপরিবারের সদস্য জয়তী রায় চরকায় সুতা কেটে চীবর তৈরির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা এবং বস্ত্র বুনে চীবর তৈরির ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে রাজবন বিহার এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শুক্রবার বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, সম্মিলিত প্রচেষ্টায় কঠিন কাজও সহজভাবে সম্পন্ন করা সম্ভব কঠিন চীবর দান সেই শিক্ষাই দেয়। বুদ্ধের নীতি অনুসরণের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবন বিহারের বেইন ঘরে এবার ২০৫টি বেইন স্থাপন করা হয়েছে। এতে প্রায় ৮০০ নারী চীবর তৈরির কাজে অংশ নিচ্ছেন। প্রাচীন ঐতিহ্য অনুসারে, তুলা থেকে চরকায় সুতা কাটা, সুতা রং করা, শুকানো এবং তাঁতে কাপড় বোনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করা হয়। পরে তা বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্দেশে উৎসর্গ করা হয়।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে উৎসবে আসা পূণ্যার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হলেও ধর্মীয় আয়োজনের উৎসাহে ভাটা পড়েনি। উৎসবে যোগ দিতে তিন পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি জনপদ থেকে সড়ক ও নৌপথে হাজারো নারী-পুরুষ রাজবন বিহারে সমবেত হচ্ছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও পূণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটছে। তাঁদের উপস্থিতিতে রাজবন বিহার এলাকা ছাড়াও রাঙামাটি শহরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার বিকেলে ২৪ ঘণ্টায় তৈরি করা চীবর বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আড়াই হাজার বছরেরও বেশি আগে গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির এ প্রথা প্রবর্তন করেন। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমার মধ্যবর্তী সময়ে কঠিন চীবর দানের আয়োজন করা হয়। এ ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৭৬ সাল থেকে রাঙামাটির রাজবন বিহারে বিশাখা প্রবর্তিত নিয়মে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়ে আসছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে জগতের সর্বোত্তম দানগুলোর মধ্যে কঠিন চীবর দান অন্যতম হিসেবে বিবেচিত।




