গলাচিপা
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতা বহিষ্কার

গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কারের চিঠি
পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয় লোকজনের হাতে আটক গণঅধিকার পরিষদের নেতা মনির মীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক ছিলেন।
গতকাল শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে মনির মীরকে আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ জারির দিন থেকে পরবর্তী তিন বছর তিনি গণঅধিকার পরিষদের কোনো পদবি ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মজিবুর রহমান ও সদস্যসচিব মো. রেজাউল হাওলাদারের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় মনির মীরকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন। পরে শুক্রবার সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানিয়েছেন, আটকের সময় মনির মীরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




