সুন্দরগঞ্জ
খেলতে গিয়ে পুকুরে, ঘণ্টাখানেক পর ভাসছিল দুই শিশুর মরদেহ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা ও জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু পাশের সবির মিয়ার পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের পানিতে ভাসতে দেখেন এবং উদ্ধার করেন। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর দুই পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানালেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




