ঝিনাইদহ
খাবার নিয়ে দ্বন্দ্বে বন্ধুর ছুরির আঘাতে বন্ধু নিহত

ছবি: আগামীর সময়
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় একটি ছাত্র মেসে খাবার খাওয়া নিয়ে তর্কের জেরে বন্ধু লিখনের ছুরির আঘাতে অপর বন্ধু কওসার আলী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ আটক করেছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। নিহত কওসার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম সেমিস্টারের ছাত্র ও হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
নিহতের স্বজন ও সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কলেজ পাড়ার আবু জাফরের বাড়িতে ছাত্র মেসে শিক্ষার্থীরা বসবাস করছিল। সন্ধ্যার দিকে লিখন বাইরে থেকে এসে দেখেন খাবার নেই। এতে তিনি কওসারকে দোষারোপ করেন। এক পর্যায়ে ভাত খেতে না পেরে উত্তেজিত হয়ে কওসারকে ছুরিকাঘাত করেন। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে কাওসারকে উদ্ধার করে সদর হাসপাতাল নিলে সন্ধ্যার দিকে মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ অভিযুক্ত লিখনকে আটক করে। এ হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, জানালেন ওসি আসাদুজ্জামান।






