শ্রীপুর
রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানের

ছবি: আগামীর সময়
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী, স্ত্রী ও তাদের ৯ মাসের শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান (৩৫) পিরোজপুর সদরের উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে।
রাকিব শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় বিথী ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রাকিব ও ৯ মাস বয়সী সন্তান নুরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘাতক কভার্ডভ্যান শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।




