প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

মায়ের জানাযায় আখাউড়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম— সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আখাউড়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। আজ মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় তিনি নিজ বাড়িতে পৌঁছে জানাজায় অংশ নেন। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
শাহ আলম উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বার্ধক্যজনিত অসুস্থতায় সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান শাহ আলমের মা হালিমা বেগম (৭৫)। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নূরপুর পূর্বপাড়া জামে মসজিদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে শাহ আলমের ছোট ভাই নূর আলম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন, যাতে তিনি শেষবারের মতো মায়ের মুখ দেখতে এবং জানাজায় অংশ নিতে পারেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ আলম মায়ের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান। একই সঙ্গে মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন।
জানা গেছে, বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে কারাগারে শাহ আলম।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মজিবুর রহমান মজুমদার বলেছেন, ‘মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বিকাল ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তির আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় এবং নির্ধারিত সময় শেষে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।’




