শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে হবে দুর্গোৎসব

ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭৩টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৫৭টি সার্বজনীন এবং ১৬টি পারিবারিক পূজামণ্ডপ।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীসহ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু ও উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক সুজিত রায়।
সাধারণ সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকেরা উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সম্প্রীতির দৃষ্টান্ত। দুই উপজেলার জন্য প্রধানমন্ত্রীর কাছে পূজার বিশেষ অনুদানের আবেদন করেছি। তিনি বিদেশে ছিলেন, দেশে আসছেন। আশা করছি, তিনি আমাদের সহযোগিতা করবেন।
মুজিবুর রহমান চৌধুরী আরও বলেন, পূজা উপলক্ষে বিশেষ মোবাইল রেসপন্স টিম চালু করা হবে। যেকোনো পূজামণ্ডপ থেকে জরুরি প্রয়োজনে ওই টিমকে সমস্যার কথা জানানো যাবে। যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় জরুরি রেসপন্স টিম কাজ করবে।



