দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি
মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন অ্যাকাডেমি মাঠে বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রামের পর আমাদের সামনে দেশ গঠনের সুযোগ এসেছে। মাদক ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি আরও বলেছেন, ‘আপনারা যদি আমার বাবা ওবায়দুর রহমানের অনুসারী হয়ে থাকেন, তাহলে তার মতো সৎভাবে জীবনযাপন করুন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।’
শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো সরকারি দপ্তরে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।’
তিনি বলেছেন, ‘আমি ন্যায়ের পথে আছি এবং থাকবো। যারা অন্যায়ের পথে থাকবে, তারা আমার সঙ্গে না থাকলেও চলবে।’
স্মরণসভায় জেলা বিএনপি, নগরকান্দা ও সালথা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সভা শেষে মরহুম কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




